করোনাজনিত দূর্যোগে স’মিল শ্রমিকদের জন্য নগদ অর্থ প্রদান ও রেশনি চালুর দাবি

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে প্রায় এক মাসযাবত কর্মহীন হয়ে পড়া দেশের লক্ষ্যাধিক স’মিল শ্রমিকদের জীবন ও জীবিকা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে এক যুক্তবিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২২০০ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন গত ২৬ র্মাচ হতে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে গিয়ে ইতোমধ্যে দেশের অধিকাংশ জেলায় লকডাউন চলছে। যার কারণে স’মিল সেক্টরেরর শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহার-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এমন কি বন্ধ করা অনেক প্রতিষ্ঠানের মালিকগণ তাদের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করেই হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। শ্রমিক-কর্মচারীরা কাজ করে যে মজুরি পেয়ে থাকেন তা দিয়েই জীবনধারণ করা যেখানে কষ্ঠসাধ্য সেখানে কর্মহীন অবস্থায় তাদের অবস্থা বর্ণনাতীত। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নানারকম প্রণোদনার ঘোষণা দেওয়া হলেও তার সিংহভাগই মালিকদের স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনের তুলনায় ন্যূনতম যেটুকু শ্রমিক-কর্মচারীদের নামে প্রণোদনা ও খাদ্যসহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে তার লুটপাট অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। নেতৃবৃন্দ কর্মহীন হয়ে পড়া মানবেতর জীবনযাপন করা স’মিল শ্রমিকদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশনিং চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের সকল ধরণের লুটপাট, অনিয়ন, দূর্নীতি বন্ধ করা, রেশন চালু, কর্মহীনকালীন সময়ের গ্যাস-বিদ্যুত বিল মওকূফসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানান।

ভাগ