নৌ-যান শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণার দাবি

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন ও খালাস কাজে নিয়োজিত নৌযান শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণার দাবি জানিয়ে এক যুক্তবিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারী মোকাবেলায় সরকার গত ২৬ র্মাচ হতে ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে ইতোমধ্যে দেশের অধিকাংশ জেলায় ‘লকডাউন’ চলছে। দেশের আপামর জনগণ যখন স্বাস্থ্য সুরক্ষায় ঘরে অবস্থান করছেন সেই সময় এই দুর্যোগের মধ্যে জীবনের চরম ঝুঁকি নিয়ে নৌ-যান শ্রমিকরা পণ্য পরিবহণ ও খালাসের মাধ্যমে দেশের মানুষের খাদ্যসহ জরুরী সামগ্রীর চাহিদা যোগান দেওয়ার সাথে সাথে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ভূমিকা রাখলেও ঘাটে ঘাটে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেকের জন্য কমবেশি সরকারের কৃতজ্ঞতা প্রকাশ, প্রণোদনা, ঝুঁকি ভাতা, স্বাস্থ্যবীমার ঘোষণা আসলেও নৌ-যান শ্রমিকদের বিষয়ে রাষ্ট্র, সরকারের নিরবতা বড়ই দূর্ভাগ্যজনক। নেতৃবৃন্দ নৌ-যান শ্রমিকদের জন্য রাষ্ট্র ও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিবেচনা প্রসূত বিশেষ ঘোষণা এবং বকেয়াসহ সকল নৌ-যান শ্রমিকদের মাসিক বেতন নিয়মিত পরিশোধ করার দাবি করেন।

ভাগ