বাগেরহাটে টিসিবির পণ্য কিনতে উপচেপড়া ভিড়

বাগেরহাট সংবাদদাতা ॥ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে বাগেরহাটে উপচেপড়া ভিড় দেখা গেছে। সোমবার বিকেলে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় এলাকায় টিসিবির পণ্যবাহী ট্রাক পৌঁছানোর সাথে সাথে ক্রেতারা লাইনে দাঁড়িয়ে যান। এই লাইনে নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আসছিলেন টিসিবির পণ্য কিনতে। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মসুর ডাল ও চিনি, ৬০ টাকা কেজিতে ছোলা। সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার প্রত্যেক ক্রেতা ২ লিটার তেল, ২ কেজি করে চিনি, ডাল, ও এক কেজি করে ছোলা কিনতে পারবেন।
টিসিবির পণ্য ক্রয়কারী রিফাত বলেন, কোন ঝুটঝামেলা ছাড়াই বাজারদরের থেকে কমদামে পন্য কিনেছি। এভাবে সারাবছর টিসিবির পণ্যের সরবরাহ থাকলে আমাদের মত গরিব মানুষের অনেক উপকার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের মধ্যবিত্ত পরিবারের এক সদস্য বলেন, কখনও টিসিবির পণ্য ক্রয় করিনি। সাধারণত সারাবছর বাজার থেকে ক্রয় করি। করোনা পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ। সে কারণে খুবই আর্থিক কষ্টে আছি। তাই কিছুটা আর্থিক সাশ্রয়ের জন্য টিসিবির পণ্য কিনতে এসেছি।
টিসিবির ডিলার সোনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমডি রাসেল বলেন, ‘আমরা খুলনা থেকে মাল উত্তোলন করে বাগেরহাটে এনে সাধারণ মানুষের কাছে বিক্রি করি। তবে চাহিদার তুলনায় ডালের সরবরাহ অনেক কম। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডাল দিতে পারছি না। ডালের সরবরাহ বৃদ্ধি হলে ক্রেতাদের চাহিদা মেটাতে পারব।

ভাগ