ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা পোস্ট অফিসের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা। চলমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সামাজিক ও শারীরিক দূরত্বের কথা বিবেচনা না করে সঞ্চয়পত্র ও পেনশন সঞ্চয়পত্রের মুনাফার টাকা উত্তোলনের জন্য প্রতিদিন অফিস খোলার আগেই সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন গ্রাহকরা।
সোমবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে ঝিকরগাছা উপজেলা পোস্ট অফিয়ে গিয়ে দেখা গেছে, অফিস কক্ষের প্রবেশ পথ থেকে প্রাচীরের গেট পর্যন্ত লম্বা দুটি লাইনে গাদাগাদি হয়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। এছাড়া আশপাশেও মুনাফার টাকা উত্তোলন করতে আসা লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় উপজেলা পোস্ট মাস্টার মফিজুর রহমান মফিজ উপস্থিত গ্রাহকদেরকে অন্তত ২/৩ ফুট করে ফাঁকা হয়ে দাঁড়াতে বললেও দু একজনের বেশি কেউ তার কথায় কর্ণপাত করেননি। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন পোস্ট মাস্টারসহ অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া এদিন ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের গ্রাহকদের মধ্যে একই চিত্র দেখা যায়।




