তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতীরা জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, তালা থানার ওসি মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা হাসপাতালের মেডিকেল অফিসার রওশন দায়েমী প্রমুখ। সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মাস্তফা কামাল বলেন, সরকারি ত্রাণের তালিকা এবং বিতরণে কোনরকম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, দুর্নীতি দমন আইনে মামলা করা হবে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যানদের কাজ করার জন্য আহ্বান জানান তিনি।




