লোকসমাজ ডেস্ক॥ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পহেলা বৈশাখে সকলকে ঘরে অবস্থান করতে অনুরোধ করেছেন। পাশাপাশি, দলের নেতাকর্মীদের করোনা সংকটকালে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত বাংলা নববর্ষ উপলে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, রাত পোহালেই পহেলা বৈশাখ ১৪২৭। নববর্ষের প্রথম প্রভাতে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জরা-জীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।
তিনি বলেন, তবে এবারের নববর্ষের উৎসবে আমরা বিমর্ষ ও বেদনার্ত। সারা দুনিয়াজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবনে যে বিয়োগান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। দেশে দেশে করোনার আক্রমণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে, আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ। তাই এবারের বাংলা নববর্ষের উৎসব ঐতিহ্যের ধারা বেয়ে পালন করা সম্ভব হচ্ছে না। দেশের মানুষদের ঘরে থাকার অনুরোধ করব- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, নববর্ষের এই নতুন দিনে মহান আল্লাহর কাছে সকলের ব্যক্তিগত, পারিবারিক তথা জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।





