হাট বাজার খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শের পর দেশের হাট-বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসক জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর সভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, গ্রাম অঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতার মধ্যে কোন ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে করা প্রয়োজন। এতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সর্বাধিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এর আগে রোবাবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি খোলা জায়গায় হাট-বাজার বসানোর নির্দেশ দেন। এরপর নতুন এই নির্দেশনা জারি করে সরকার বিভাগ।

ভাগ