লোকসমাজ ডেস্ক॥ টানা তিন দিন কমার পর স্পেনে করোনা ভাইরাসে (সারস-কভ-২) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসটিতে সৃষ্ট কভিড-১৯ রোগে রাতারাতি নতুন করে মারা গেছেন ৬১৯ জন। এতে দেশটিতে কভিড-১৯ এর শিকার হয়ে মোট প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৯৭২ জনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, শনিবার স্পেনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বিগত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম ছিল। ওইদিন কর্মকর্তারা নতুন ৫১০ জন মৃতের কথা জানিয়েছিলেন। এর আগে বুধ ও বৃহস্পতিবারও কমার দিকে ছিল মৃতের সংখ্যা। কিন্তু সে ধারা ভেঙে রোববার সে সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটি অনুসারে, বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত স্পেনে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৭ জন। বর্তমানে বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে স্পেনে। ভাইরাসটিতে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ২০ হাজার ৬০৮ জন। শুক্রবার পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃতের দেশ ছিল ইতালি। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১৯ হাজার ৪৬৮ জন। জন হপকিন্স অনুসারে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ। মারা গেছেন অন্তত ১ লাখ ৮ হাজার ২৫২ জন।





