লোকসমাজ ডেস্ক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন পরে হলেও খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। অন্যান্য পলাতক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বিবৃতিতে তারা আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের রাজনৈতিক ষড়যন্ত্র উন্মোচন করা জরুরি। অবিলম্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন সিপিবির নেতারা।





