ইতালিতে আরও ৪৩১ জনের মৃত্যু, বাড়ছে লকডাউন

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৪৩১ জন প্রাণ হারিয়েছেন, যা ১৯ মার্চের পর সর্বনিম্ন। এ সময়ে অন্যদিনের তুলনায় আক্রান্তের সংখ্যাও কমেছে। যার মাধ‌্যমে আশার আলো দেখছেন দেশটির ৬ কোটি মানুষ। এদিকে করোনা সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় ইতালিতে ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়। ১৩ এপ্রিল (সোমবার) লকডাউনের সময় শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা আগামী ৩ মে পর্যন্ত বলবৎ থাকবে। তবে তার আগে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে চার হাজার ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল চার হাজার ৬৯৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার (১২ এপ্রিল) ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৬১৯ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৯৯ জনে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৭ জন। সব মিলিয়ে প্রায় ৩৪ হাজার ২২১ জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন। অন‌্যদিকে ইতালির বিভিন্ন শহরে করোনায় আক্রান্ত হয়ে ৮ বাংলাদেশি মারা গেছেন। এতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।

ভাগ