ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ চলমান করোনা ভাইরাস প্রতিরোধে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন বাজারে জীবাণুনাশক ওষুধ স্প্রে করতে গিয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী হামলায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১ টায় নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে। ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুজ্জামান মিনু ও যুবদল নেতা নাহিদ হোসেন জানিয়েছেন, এদিন সকালে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বায়সা বাজার, পাঁচপোতা বাজার, করিম আলী মোড় বাজার, গুণনগর মোড়সহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করে নাভারণ পুরাতন বাজারে যান। তারা বাজারে জীবাণুনাশক স্প্রে করতে করতে আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে গেলে বিপরীত দিক থেকে ৩ টি মোটরসাইকেলে ক্ষমতাসীন দলের ৭/৮ জন সন্ত্রাসী এসে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর হামলা করে। হামলায় আহত হন চাঁদপুর গ্রামের বাসিন্দা কওছার আলীর ছেলে যুবদল নেতা নাহিদ হোসেন (৩৫), আব্দুলের ছেলে মাহাফুজ (৩৮), হাফিজুর রহমানের ছেলে মামুন হোসেন (২৫), কুদ্দুস আলীর ছেলে নাছিম (২০), হায়দার আলীর ছেলে ছাত্রনেতা রাসেল হোসেন ও হাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে শাওন হোসেন (২২)।




