খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। রবিবার সকালে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে মাস্কবিহীন লোকদের মাস্ক পরিয়ে দেন এবং স্থানীয় রাস্তাঘাটে গাড়িতে করে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক বিতরণকালে চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিয়মানুযায়ী সাবান দিয়ে হাত ধুতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না এবং সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। রবিবার রায়পুর ঋষি পল্লীর ২৫ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন জানিয়ে তিনি (স্বপন) বলেন, খুব তাড়াতাড়ি ইউনিয়নের প্রতিটি গ্রামের কর্মহীন অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। খাদ্য বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেবেন বলে জানান। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, ইকবাল হোসেন প্রমুখ।





