যশোরে করোনা শনাক্তে পরীক্ষাগার ও আইসিইউ এর দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষাগার, খাদ্য নিরাপত্তা ও যশোর মেডিকেল কলেজে জরুরি ভিত্তিতে আইসিইউ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার এসবের দাবিতে প্রেস কাব যশোরের সামনে ¤œববন্ধন করে সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ, বাসদ (মার্কাসবাদী) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি। দুপুর ১২টার দিকে মানববন্ধনে ৫ সংগঠনের ১০ জন প্রতিনিধি ২০ মিনিটের জন্য অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তবর্তী শহর ও বেনাপোল স্থলবন্দরের পাশের শহর যশোর। এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী এখন দেশে আসছে। যে কারণে যশোরে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকছে। তাই সু-চিকিৎসার জন্য যশোরে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষাগার ও আইসিইউ অতি গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। যা উপেক্ষা করলে এই অঞ্চলে মহাবিপদ ডেকে আনতে পারে। তাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা যশোর মেডিকেল কলেজে পরীক্ষাগার তৈরির দাবি করেন বক্তারা। একই কারণে যশোর মেডিকেল কলেজে আইসিইউ চালুর দাবি জানান বক্তারা। করোনা প্রাদুর্ভাব রোধে বাড়িতে থাকতে গিয়ে দিন আনা দিন খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে পড়েছে। বিভিন্ন সংগঠন ও হৃদয়বান মানুষের সহযোগিতায় তারা কোনভাবে টিকে আছে। করোনার প্রভাব যত বাড়বে ব্যক্তি সহযোগিতা তত কমে আসবে। তাই সরকারি সাহায্যের কোনো বিকল্প নেই। মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড অ্যাড. আবুল হোসেন, জেলা নেতা বিথীকা সরকার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড তসলিমউর রহমান, বাসদের জেলা নেতা কমরেড আবুল কালাম আজাদ ও বাসদ (মার্কসবাদীর) কমরেড গোলাম মোস্তফা প্রমুখ।