শার্শায় ত্রাণের চাল বিতরণ নিয়ে আ.লীগে সংঘর্ষ, আহত ৮

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ত্রাণের চাল বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শার্শার ডুপপাড়া গ্রামে। আহতদের শার্শা উপজেলার নাভারণ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শহীদ (৪৮), শহিদুল ইসলাম (৫০), সাইদুল (৩৮), মিনহাজ উদ্দিন (৬০), শাহাদৎ হোসেন (৬০), তার ছেলে ইব্রাহীম (৪৮), ভোলা (৪৮) ও মমিন উদ্দিন (৬০)। এদের মধ্যে মিনহাজ উদ্দিনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানা গেছে, শার্শা-১ আসনের এমপি আলহাজ শেখ আফিল উদ্দিনের দেওয়া ত্রাণ বিতরণের তালিকা করেন ডুপপাড়া গ্রামের স্থানীয় মেম্বার মফিজুর রহমান। কিন্তু তার তালিকা না মেনে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নিজস্ব কর্মীদের দিয়ে নতুন তালিকা তৈরি করেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে শনিবার বিকেলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হন ৮ জন। এ ঘটনায় ডুপপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান জানান, এমপি সাহেবের দেওয়া ত্রাণ বিতরণ নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাগ