লোকসমাজ ডেস্ক॥ তুরস্কে ভয়াবহভাবে সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ১০০০ এর বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন অর্ধলাখেরও বেশি তুর্কি নাগরিক। এমন অবস্থায় করোনার সংক্রমণ থামাতে ইস্তাম্বুলসহ তুরস্কের কয়েক ডজন শহরে ৪৮ ঘন্টার কারফিউ জারি করেছে দেশটির সরকার। এছাড়া তুরস্কের ৩১টি প্রদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। ৬৫ বছরের ওপরের বয়স্কদের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
লকডাউন ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মুদি দোকান, ফার্মেসি ও হাসপাতাল এই লকডাউনের আওতার বাইরে থাকবে।
এছাড়া, পেট্রোল স্টেশনসহ কয়েকটি জ্বালানি কোম্পানিকে এর আওতার বাইরে রাখা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে তুরস্কের জনগণকে বাড়িতে থাকার আহবান জানানো হয়। বলা হয়, এটি গুরুত্বপূর্ন যে দেশের সব মানুষ বাড়িতে থাকবেন এবং দেশকে রক্ষা করবেন। শুধুমাত্র যাদের বাইরে আসা অত্যন্ত জরুরি তারাই বের হবেন।





