লোকসমাজ ডেস্ক॥রহস্যজনক মৃত্যু ঘটেছে ভারতীয় এক অভিনেত্রীর। হঠাৎই না ফেরার দেশে চলে গেলেন তেলেগু টেলিভিশন জগতের জনপ্রিয় নায়িকা বিশ্ব সাথী। তেলেগুর একাধিক শো সঞ্চালনাও করেছেন তিনি। শুক্রবার হায়দ্রবাদে নিজের অ্যাপার্টমেন্ট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হায়দ্রবাদে ইয়েল্লারেড্ডিগুড়ার ইঞ্জিনিয়ার কলোনিতে অ্যাপার্টমেন্টের ৬ তলায় থাকতেন এই অভিনেত্রী। গেল কয়েকদিন ধরে লকডাউনের জেরে বাড়ি থেকেও বের হননি তিনি। বাড়ির দরজা ভেঙে পুলিশ ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।
এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন ওই ফ্ল্যাটে একাই থাকতেন বিশ্ব সাথী।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।





