করোনায় আক্রান্তদের ৫২ শতাংশ ঢাকার

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে এখন পর্যন্ত ৪৮২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫২ শতাংশ ঢাকার। বাকিরা বিভিন্ন জেলার। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা বলেন, ‘করোনাভাইরাসে আক্রন্তদের মধ্যে ৫২ শতাংশ ঢাকার। বাকিরা অন্য জেলার। ঢাকার মধ্যে মিরপুর, বাসাবো, যাত্রবাড়ীতে আক্রান্তদের সংখ্যা বেশি। এছাড়া, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে বেশি করোনায় আক্রন্ত হয়েছে।’ স্বাস্থ্য বুলেটিনের প্রথমেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৪৮২ জনে দাঁড়িয়েছে।’ এরপর মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯৫৪ জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৩১৩ জনের। নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ, ১০ জন নারী। নতুন ৫৮ জনের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৪ জন, নারায়নগঞ্জে ৮ জন। বাকিরা অন্যান্য জেলার। প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৯৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো অনেকে।

ভাগ