বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার রাত ৮ টার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, ‘বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অভিভাবকদের হস্তক্ষেপে শিশুদের ওই দ্বন্দ্বের মীমাংসা হয়। সকালের ওই দ্বন্দ্বের জের ধরে রাত ৮ টার দিকে এক অভিভাবকের বাবা বিপুল শেখের সাথে অন্য অভিভাবকদের পুনরায় বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ওই অভিভাবকদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।





