স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলবাজার এলাকায় শেখ রেশমা নামে একজন হিজড়াকে হত্যা চেষ্টার মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে, শহরের চাঁচড়া রায়পাড়ার রবিউল ইসলাম রবির ছেলে সোহেল, শংকরপুর তুলোতলার আয়নাল মোল্লার ছেলে এনায়েত, শংকরপুরের আলী হোসেনের ছেলে অনিক ওরফে অমিত, কাঠমিস্ত্রি কুটির ছেলে সাজ্জাদুল হোসেন সাজু, শেখহাটি জামরুলতলার মৃত সুনীল বিশ্বাসের ছেলে সজিব ওরফে স্বর্ণ, বারান্দীপাড়া ফুলতলার মৃত সুজন হাওলাদারের মেয়ে চান্দু ওরফে সোহেলী, রেলগেট পশ্চিমপাড়ার শামসু ড্রাইভারের মেয়ে জাকির ওরফে চুমকি, কিসমত নওয়াপাড়ার ইসাহাক ড্রাইভারের ছেলে শামীম ওরফে ভাবনা ও বেনাপোল রেলস্টেশন এলকার সৈয়দ আলীর মেয়ে নিলু খাতুন হিজড়া। অভিযুক্তদের অধিকাংশ হিজড়া।
মামলা সূত্রে, নিলু, শামীম, জাকির, চান্দু ও সজিব হিজড়া নিয়ম ভঙ্গ করে রেশমাদের এলাকায় ঢুকে নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসাছিল। শংকরপুর তুলাতলার বাসিন্দা রেশমা তাদের এ ব্যাপারে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে খুন জখমের হুমকি দেয়। ২০১৯ সালের ২৬ আগস্ট সন্ধ্যায় রেশমা রেলবাজারে যান কেনাকাটার জন্য। পরে ফেরার পথে রেলবাজারের রূপসা খাবার হোটেলের সামনে পৌঁছালে উল্লিখিতরা আচমকা তার ওপর হামলা চালায়। তারা এ সময় তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় পরদিন ২৭ আগস্ট রেশমা কোতয়ালি থানায় একটি মামলা করেন।





