তালায় দুই নারীকে কুপিয়ে জখম

তালা ( সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার তালা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন সালমা বেগম (৩৫) ও প্রতিবন্ধী ছাকিনা বেগম (৪০) নামের দুই নারী। এ সময় বসতবাড়ি ভাঙচুরসহ তাদেরকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ইসলামকাটি ইউনিয়নের কাজীডাঙ্গা গ্রামে। বর্তমানে এক মহিলা তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সালমা বেগমের স্বামী কাজীডাঙ্গা গ্রামের এয়াকুব আলী মুন্সী জানান, তাদের বসতভিটার ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আমজাদ মুন্সীর সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মৃত মান্নান মুন্সীর ছেলে আমজাদ মুন্সী এবং তার দুই ছেলে জিল্লুর রহমান ও রিপন আমাদের বসতবাড়ি ভাঙচুর করে ওই জায়গা দখলে নিতে আসে। তখন বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তার স্ত্রী সালমা বেগম ও ভাই আলাউদ্দীন মুন্সীর স্ত্রী প্রতিবন্ধী সাকিনা বেগম বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় তারা দুই মহিলাকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তাদেরকে তালা হাসপালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে আমজাদ আলী মুন্সী বলেন, তিনি ও তার পুত্ররা কারও ওপর কোন ধরনের হামলা কিংবা মারপিট করেননি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ