কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা॥ করোনাভাইরাসের আতঙ্কে ঝিনাইদহ কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেকস দিন দিন রোগীর সংখ্যা কমে যাচ্ছে। স্বাভাবিক সময়ে এই হাসপাতালে প্রতিদিন কমপক্ষে ৩০০ রোগী চিকিৎসা সেবা নিতেন। এখন সেটি কমে ১০০ নিচে দাঁড়িয়েছে। রবিবার কালীগঞ্জ সরকারী হাসপাতালের মহিলা ও পুরূষ ওয়ার্ড ঘুরে মাত্র ২৫ জন রোগী পাওয়া গেছে। কেবলমাত্র গাইনী ও শিশু ওয়ার্ডে কয়েকজন রোগী রয়েছে। মহিলা ওয়ার্ডে কর্তব্যরত একজন নার্স জানান, আমার ৫ বছরের চাকরির বয়সে হাসপাতাল এভাবে রোগীশূন্য হতে দেখিনি,সবাই আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
স্থানীয়ভাবে কিছু মানুষের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ নতুনভাবে রোগী ভর্তি করছে না। রোগীদের জন্য আরটিআই কর্ণার তৈরী করা হয়েছে । এ ব্যাপারে কালীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন লুবনা বলেন, করোনা আতঙ্কে রোগীরাই হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। যদিও চিকিৎসক বা নার্সদের জন্য যে পিপিই এসেছে, তা পর্যাপ্ত নয় ।



