পাইকগাছায় খাদ্য সামগ্রী বিতরণে জেলা পরিষদ সদস্যের বাঁধা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বরদের ব্যক্তিগত খাদ্য সামগ্রী বিতরণে বাঁধা দিয়েছে জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। ত্রাণ সামগ্রী বিতরণে বাঁধা দেয়ায় জেলা পরিষদ সদস্যের সাথে ত্রাণপ্রাপ্তদের বাক-বিতন্ডের পাশাপাশি ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয়। বিষয়টি জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে অবহিত করার পর তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুপুরের রৌদ্রে মাঠের ভিতর দাঁড় করিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলে লোকজন অসুস্থ হয়ে পড়বে এ কারণে আমি নিষেধ করি। ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক বলেন, আমি ও আমার মেম্বররা ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার ৬৪০টি পরিবারের মধ্যে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করছি। তিনি তার ওয়ার্ডে এসব ত্রাণ সামগ্রী দিতে বাঁধা প্রদান করে। সংরক্ষিত সদস্য কল্যাণী রাণীকে অশ্রাব্য ভাষায় মান্নান গাজী গালিগালাজ করে। উপকারভোগী রহমত আলী গাজী জানান, আমরা অসহায় পরিবারগুলো যে মুহুর্তে ত্রাণ সামগ্রী পাচ্ছি তা বাঁধা দেয়ায় লোকজন উত্তেজিত হয়ে মান্নান গাজীকে তাড়িয়ে দেয়। ট্যাগ অফিসার দেবাশীষ বিশ্বাস জানান, সোলাদার ৪নং ওয়ার্ডে ৪২টি গোলাকারের মধ্যে লোক দাঁড় করিয়ে দেয়ার সময় জেলা পরিষদ সদস্য হাজির হয়ে ত্রাণ বিতরণে বাঁধা দিয়ে অনাধিকার চর্চা করেন।

ভাগ