লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ধারা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এরই মধ্যে বিভিন্ন স্থানে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস ও অন্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্র, ফার্মাসি, সুপারমার্কেট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এবং মোবাইল ফোন রিচার্জ ও ক্যাশ আউট পয়েন্টগুলোর অবস্থান ও সেবাদানের সময়সূচি জানা জরুরি। স্বাস্থ্যসেবা পরিকল্পনাকারী ও অগ্রভাগে থাকা কর্মীদের জন্য পরবর্তী আইসোলেশন সেন্টার ও আইসিইউ স্থাপনের পরিকল্পনা করার জন্য এসব তথ্য জানা প্রয়োজন। এছাড়া জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত এজেন্টদের সব রাস্তা সম্পর্কে ধারণা থাকা দরকার।
অবস্থান জানার জন্য গুগল ম্যাপস ও ওপেন স্ট্রিট ম্যাপ রয়েছে। এতে বাংলাদেশের শহরাঞ্চল প্রাধান্য পেয়েছে। গ্রামাঞ্চলের বেশিরভাগ স্থান নির্দিষ্ট করা হয়নি। ফলে গ্রামীণ জনপদ, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি ও ই-কমার্স ডেলিভারি এজেন্টরা ম্যাপ দেখে নির্দিষ্ট স্থান খুঁজে বের করতে সমস্যায় পড়ছেন। এ সমস্যা বাস্তবায়নে গুগল ম্যাপস ও ওপেন স্ট্রিট ম্যাপ আরও সমৃদ্ধ করার জন্য আইসিটি বিভাগ, এটুআই প্রোগ্রাম ও গ্রামীণফোন যৌথভাবে শুরু করেছে ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন। চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী স্বেচ্ছাসেবকরা bangladeshchallenge.com ও corona.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। ক্যাম্পেইন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ চ্যালেঞ্জ ক্যাম্পেইন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কেউ তার বাড়ি থেকে একটি ডেটাবেজ তৈরিতে অংশ নিতে এবং সবাই একই সময়ে তা ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এটা দেশের লোকাল ম্যাপের কাঠামোকে আরও শক্তিশালী করার সুযোগ করে দেবে। ক্যাম্পেইন চলাকালে ম্যাপিং এক্সপার্টরা স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করবেন।





