রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর খাদ্যশস্য ও অর্থ বিতরণের লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এ পর্যন্ত ৩২ মেট্রিকটন চাল ও ১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা ইতিমধ্যে পর্যায়ক্রমে দুস্থ ও কর্মহীন ৩২শ পরিবারের মাঝে বণ্টন করা হয়েছে। নতুন করে ১২ হাজার ৭৭৪ টি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ক্যাটাগরিভিত্তিক কর্মহীনদের তালিকার মধ্যে ভিক্ষুকের সংখ্যা রয়েছে ১৩০ জন। ভবঘুরে ২৫৯ জন। দিনমজুর ৫ হাজার ৭৩২ জন। ভ্যান/রিকশাচালক ২ হাজার ১৭২ জন। পরিবহন শ্রমিক ৫৬৬ জন। রেস্টুরেন্ট শ্রমিক ২৬ জন। ফেরিওয়ালা ১৮ জন। চা দোকানদার/চা শ্রমিক ৮৬৪ জন। নির্মাণ/কৃষি শ্রমিক ৮১৭ জন। নিম্নআয়ের মানুষ যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন এমন রয়েছেন ৭৯৫ জন। হতদরিদ্র পরিবারের সদস্য রয়েছে ৮৫৫ জন ও অন্যান্য ৫৪০ জন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রত্যেক ইউনিয়নে ট্যাগ অফিসারদের মাধ্যমে দুস্থ ও কর্মহীনদের তালিকা প্রণয়নে সতর্কতা অবলম্বন করা হয়েছে, যাতে কোন দুস্থ ও কর্মহীন মানুষ বাদ না পড়েন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়তা অব্যাহত থাকবে। মাঠপর্যায়ে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে মানুষ যাতে ঘরে থাকে সেদিকেও নজরদারি জোরদার করা হয়েছে’।



