খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারের তিনটি প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নির্ধারিত সময় শেষ হলেও এই প্রকল্পগুলোর কাজ শেষ হয়নি। করোনাভাইরাস আতঙ্কে শ্রমিক ও কাঁচামাল সংকটসহ ছয়টি কারণ দেখিয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়রা বলছেন, সঠিক তদারকির অভাবে কাজে এই ধীরগতি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে মহানগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে। জানা গেছে, মহানগরীর কেডিএ এভিনিউসহ গুরুত্বপূর্ণ পাঁচটি সড়ক সংস্কার ও ড্রেন পুনর্নিমাণের জন্য ৩৬ কোটি টাকা অনুদান দেয় বিশ্ব ব্যাংক। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়। ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষও হয়েছে। এর মধ্যেই ৩০ মার্চ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কাজ শেষ না হওয়ায় কর্তৃপ সব কাজের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে। তবে সম্প্রতি করোনার কারণে সব কাজ স্থগিত ঘোষণা করা হয়। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের প থেকে ২৫ মার্চ এক প্রেস বার্তায় জানানো হয়, করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটির সময় নিজ গৃহে থাকতে বলেছে সবাইকে। খুলনা জেলা প্রশাসনের প থেকে এ ব্যাপারে রাস্তায় মাইকিং করা হয়েছে। এমন পরিস্থিতিতে কেসিসির প থেকে এলাকায় চলমান সব নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।





