সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/১ পোল্ডার সংলগ্ন এলাকায় বেড়িবাঁধের প্রায় এক শ ফুট নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কুড়িকাউনিয়া, শ্রীপুর ও বৃষ্টিনন্দন গ্রামের প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই মধ্যরাতে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হাজারখানেক মানুষ স্বেচ্ছায় বাঁধটি সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নের এই বেড়িবাঁধ প্রতিবারই ভেঙে যায়। বারবার বলা সত্ত্বেও বাঁধ সংস্কারে তেমন কোনও উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তিনি আরও জানান, তিনটি গ্রামের প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জানান, তিনি তাৎণিক কিছু বালুর বস্তার ব্যবস্থা করে দিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত বাঁধটি সংস্কারের ব্যবস্থা নেবেন।





