স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শানতলায় পেপসি কোম্পানির গুদামে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সরকারি ৮০ বস্তা চাল জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়েছে। এ যুবকদের মধ্যে একজন বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা রাকিব হাসান শাওন।
ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, তারা গোপন সূত্রে খবর পান যে পেপসি কোম্পানির গুদামে অত্যন্ত গোপনে সরকারি চাল মজুদ করে রাখা হয়েছে। এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে তারা সেখানে অভিযান চালান। এ সময় পেপসি কোম্পানির গুদামে তল্লাশি চালিয়ে সরকারি ৮০ বস্তা (বস্তায় খাদ্য অধিদফতর লেখা) চাল জব্দ করেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। যার মোট পরিমাণ ৪ হাজার কেজি চাল। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তারা রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামে দুই যুবককে আটক করেন। আটক রাকিব হাসান শাওন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের বাসিন্দা ফজর আলী মোল্লার ছেলে ও হাসিবুল হাসান যশোর শহরতলীর ঝুমঝুমপুরের মৃত আবুল হোসেনের ছেলে। জব্দকৃত চালের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। এই চাল কোথায় পেয়েছেন এবং এর সাথে আর কারও সম্পৃক্ততা আছে কি-না এ বিষয়ে তারা আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করবেন। তবে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সূত্র জানায়,অভিযানে আরও অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ও কোতয়ালি পুলিশের দুইটি মোবাইল টিম। সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জব্দকৃত সরকারি খাদ্য গুদামের বলে নিশ্চিত করেছেন। এদিকে রাতে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, শানতলা থেকে চাল জব্দের পর এ সংক্রান্ত ঘটনায় ডিবি পুলিশ বাঘারপাড়ায় অভিযানে গিয়েছে। বাঘারপাড়ার একজন আলোচিত জনপ্রতিনিধি জব্দকৃত চাল সংক্রান্ত ঘটনার সাথে জড়িত কি-না প্রশ্ন করা হলে তিনি বলেন, হলেও হতে পারে। এছাড়া এ ঘটনায় আটক শাওন ঘাতক দালাল নির্মূল কমিটি বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক।




