রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ মাদক সংক্রান্ত খবর প্রকাশের জের ধরে মাদক ব্যবসায়ীদের হুমকির ঘটনায় প্রেসকাব রামপাল’র সভাপতি এম. এ সবুর রানাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামে গাঁজা ব্যবসায়ী সাহিদ মীরকে খুলনা র্যাব-৬ রবিবার দুপুরে গাঁজাসহ আটক করে। এ সময় অপর চিহ্নিত তালিকাভুক্ত গাঁজা ব্যবসায়ী সিংগড়বুনিয়ার মৃত বারিক মোল্লার পুত্র দেলোয়ার মোল্লা পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় গাঁজা ব্যবসায়ী দেলোয়ার মোল্লা সাংবাদিক এম.এ সবুর রানাকে প্রকাশ্যে জানমালের ক্ষতি ও জীবননাশের হুমকি প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। গাঁজা ব্যবসায়ী দেলোয়ার পুলিশের কতিপয় সদস্যকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছে বলে প্রকাশ্যে বলে থাকে। উল্লেখ্য, দেলোয়ারকে গাঁজার ব্যবসা বন্ধ করে ভাল পথে গিয়ে অন্য কোন কাজ করার কথা বললে সে উল্টো হুমকি প্রদান করতো। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. দেলোয়ার হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমাদের একাধিক টিম তাকে ধরার জন্য কাজ করছে। এ ঘটনায় প্রেসকাব রামপালের নেতৃবৃন্দ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।





