ফ্রান্সে এক দিনে মৃত্যুর নতুন রেকর্ড

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে ফ্রান্সে আরও ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে মৃত্যুর এটাই নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯১১ জনে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতালি ও স্পেনের পর এখন এই মহামারিতে তৃতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশ ফ্রান্স। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়ানো শুরুর পর ফেব্রুয়ারিতে এশিয়ার বাইরে করোনাভাইরাসে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় ফ্রান্সে। ভাইরাসটির বিস্তার রোধে গত ১৭ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। তারপরও সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
সোমবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেছেন, ‘আমরা এখনও এই মহামারির উর্ধ্বক্রমের শেষ চূড়ায় পৌঁছাইনি’। আক্রান্ত ও মৃতের সর্বশেষ হিসাব প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা এখনও শেষ হয়নি। তা থেকে এখনও অনেক দূরে রয়েছি। বহু পথ পাড়ি দিতে হবে। ঘোষিত পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে’। নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাড়িতে থেকে (ভাইরাস) আটকে ফেলার প্রচেষ্টা অব্যাহত রাখুন’। তিনি বলেন, ‘এই আটকে ফেলার অগ্রগতি আমরা বুঝতে পারছি’। তিনি জানান, এক জন আক্রান্ত থেকে অন্য জন আক্রান্ত হওয়ার হার কমতে শুরু করেছে।

ভাগ