প্রকাশ্যে দিবালোকে যুবককে ছুরিকাঘাত করে টাকা মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার॥ যশোরে চাঁদা না পেয়ে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। গতকাল যশোর শহরের বেজপাড়ার বুনোপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাহত শাহরিয়ার নাফিজ জীমকে (১৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীম জানিয়েছেন, বেলা ১১টার দিকে বেজপাড়া মেইন রোডস্থ বন্ধু সাগরের বাসা থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে রায়হান, রাব্বী, তুষারসহ ৪/৫ জন তার গতিরোধ করে এবং মোবাইল ফোন চায়। ফোন না দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে রায়হান তাকে ছুরিকাঘাত করে এবং কাছে থাকা ২ হাজার ৫শ’ টাকা, মূল্যবান মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। তাদের বাড়ি বেজপাড়া আনসার ক্যাম্প ও আকবরের মোড় এলাকায়। জীমকে ছুরিকাঘাত করার পর এলাকার লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। শাহরিয়ার নাফিজ জীম বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শুকুর আলীর পুত্র। জীমের অভিযোগ, কিছুদিন আগে চাঁদাবাজ রায়হান তার কাছে ২৫ হাজার টাকা দাবি করে। শনিবার রাতে চাঁদা দেয়ার সময় নির্ধারিত ছিল। ওই চাঁদা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তাকে ওই সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে এবং সবকিছু লুট করে নেয়।

ভাগ