শহরের নাজির শংকরপুরে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ জন আটক

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের নাজির শংকরপুর থেকে গত শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর তুষার কুমার মণ্ডল শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পান নাজির শংকরপুরের জনৈক বাবু মিয়ার বাড়ির পাশের একটি মেহগনি বাগানে বসে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন। তবে তাদের আরো ৮ সঙ্গী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে আটক ৩ জনের কাছ থেকে একটি চাপাতি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, শহরের পূর্ব বারান্দীপাড়া কবরস্থান রোডের শামিম শেখের ছেলে শরীফ শেখ, শরিফুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাবু ও বারান্দী মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড় এলাকার খলিল শিকদারের ছেলে মেহেদী হাসান সজীব। আর তাদের পলাতক সঙ্গীরা হচ্ছে, পূর্ব বারান্দীপাড়ার আব্দুল্লাহর ছেলে রাশেদুল ইসলাম, বারান্দীপাড়া ফুলতলার আহম্মদ আলী বিশ্বাসের ছেলে রিপন হোসেন, সদর উপজেলার কচুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রনি হোসেন, চাঁচড়ার কাশেমের ছেলে শরিফুল ইসলাম ও শহরের বকচরের আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান হাফিজ। এ ঘটনায় কোতয়ালি থানায় ডাকাতি প্রস্তুতির একটি মামলা হয়েছে।

ভাগ