অভয়নগরের হত্যা প্রচেষ্টা মামলার আসামির স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর থানার একটি হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাহিদ হাসান রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নাহিদ হাসান অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিগত উপজেলা নির্বাচন ও মাগুরা বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ধলিরগাতি গ্রামের মৃত মুনছুর মোল্লার ছেলে রিয়াজ মাহমুদের সাথে মাগুরা গ্রামের কালা নাইম, বিপ্লব হোসেন, আব্দুর রহিম, আমজাদ হোসেন ও নাহিদ হাসানের বিরোধ চলে আসছিল। গত ৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে রিয়াজ মাহমুদ এলাকার গাবুখালি বাজারে যাচ্ছিলেন। পথে জিয়াডাঙ্গা গ্রামের চিনের বটতলায় পৌঁছলে আসামিরা আচমকা তার ওপর চড়াও হয়। এ সময় তারা তাকে ছুরিকাঘাত এবং এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে এ ঘটনায় তার বাবা কামরুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি নাহিদ হাসানকে আটক করে রবিবার আদালতে সোপর্দ করেছে। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আসামি নাহিদ হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে তার জবানবন্দিতে বলেছে, জুয়েল মাহমুদের সাথে তার ইয়াবা ট্যাবলেট নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

ভাগ