যশোরে ফেনসিডিল ও হেরোইন জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সমসপুরে গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও এক শ গ্রাম হেরোইন জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় ইব্রাহিম হোসেন খান ওরফে সাকিব (২৫) ও মো. রাসেল (২৭) নামে দুই যুবককে আটক করা হয়েছে। এদের মধ্যে সাকিব পালিয়ে যাবার চেষ্টাকালে পড়ে গিয়ে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আটক সাকিবের দাবি, পুলিশ তাকে ধরে এনে মারধর করায় সে আহত হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গত শনিবার রাত পৌনে ১২টার দিকে তাদের ওসি মারুফ আহম্মদ ও ইনস্পেক্টর সোমেন দাস সমসপুর গ্রামের কানাগেট রেললাইন এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তারা সাকিব ও রাসেলকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও এক শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক সাকিব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের দিপুর আলী খানের ছেলে ও রাসেল যশোর সদর উপজেলার বড় হৈবতপুর উত্তরপাড়ার জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম জানান, আটকের পর সাকিবকে গাড়িতে তোলার সময় সে কনস্টেবল ফারুক ও রোকনকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অন্ধকারে লাফ দিয়ে পালানোর চেষ্টাকালে গর্তের ভেতর পড়ে তার ডান পা আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে ফের আটক এবং চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন সাকিবের দাবি, সে কাঠমিস্ত্রি। ঝনঝনিয়া গ্রামে আসাদুজ্জামান নামে একজন পুলিশ কর্মকর্তার বাড়িতে সে ফার্নিচারের কাজ করছে। এ সময় পুলিশ কর্মকর্তার মেয়ে আসিফার সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে পুলিশ তাকে ধরে এনেছে। মারধর করায় সে আহত হয়েছে।

ভাগ