ভারতগামী কয়েক শ লাইটার জাহাজ চলাচল বন্ধ : বিপাকে বিপুল সংখ্যক নৌযান কর্মচারী

মনিরুল হায়দার ইকবাল, মোংলা (বাগেরহাট)॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের মোংলা বন্দর থেকে ভারতগামী লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে শ শ লাইটার জাহাজ (কার্গো, কোস্টার) বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিপুল সংখ্যক নৌযান কর্মচারী। মোংলা বন্দরেই এখন পর্যন্ত প্রায় ৩শ ভারতগামী লাইটার জাহাজ অবস্থান করছে। জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে বিআইডব্লিউটিএ এর নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ থেকে ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরের সাথে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোংলা ও চট্টগ্রাম বন্দরসহ দেশের অভ্যন্তরীণ অন্যান্য জায়গায় পণ্যবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সভাপতি ফিরোজ আলম মাস্টার, জানান, করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ আর্ন্তজাতিক রুট দিয়ে লাইটার জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। এর ফলে পণ্য বোঝাই বা খালাসে যাওয়া ৫ শতাধিক লাইটার জাহাজ আটকা পড়ে রয়েছে। দেশের মধ্যে মোংলা বন্দর ও আংটিহারায় বিপুল সংখ্যক লাইটার জাহাজ ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। অপরদিকে ভারতের অংশে দু শতাধিক লাইটার জাহাজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারতে অবস্থানরত লাইটার জাহাজের স্টাফরা সবচেয়ে বেশি কষ্ট রয়েছেন। তাদের নৌযানে থাকা খাবার প্রায় ফুরিয়ে গেছে। ভারত সরকার লকডাউন করে দেয়ায় স্টাফরা নৌকায় লোকালয়ে যাতায়াত করতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসাও নিতে পারছেন না।

ভাগ