স্টাফ রিপোর্টার॥ যশোরে ভিক্ষুকের মানসিক প্রতিবন্ধী কিশোরী কন্যা বাড়িওয়ালা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে এখন অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ শনিবার ভোরে ধর্ষক রানা হোসেনকে (২৬) আটক করেছে। সে শংকরপুর পশ্চিমপাড়ার মৃত আক্তার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ওই কিশোরী কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার পিতা অসুস্থ হয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। আর মা বিভিন্ন স্থানে ভিক্ষা করে সংসার চালিয়ে থাকেন। তাদের বাড়িওয়ালা রানা হোসেনকে তার স্ত্রী ৭ মাস আগে তালাক দিয়ে চলে গেছেন। এরপর থেকে সে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তাকে বিয়ে করার প্রলোভনও দেখায়। গত ৬ নভেম্বর গভীর রাতে সে কিশোরীকে কৌশলে ডেকে ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। কিন্তু কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। এ ঘটনার পর বিভিন্ন সময় রানা হোসেন তাকে আরো ১০-১২বার ধর্ষণ করে। গত ২ এপ্রিল কিশোরীর মা মেয়ের শারীরিক অস্বাভাবিক পরিবর্তন দেখে তার কাছে বিষয়টি জানতে চান। এ সময় কিশোরী তার সকল ঘটনা খুলে বলে। পরে গত শুক্রবার ধর্ষণের শিকার কিশোরীর পরিবার কোতয়ালি থানায় মামলা করলে শনিবার ভোরে পুলিশ রানা হোসেনকে আটক করে। সূত্র জানায়, ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা। শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।




