মনিরামপুরে দাপিয়ে বেড়াচ্ছে হত্যা চেষ্টা মামলার আসমিরা : বাদিপক্ষকে হুমকি

স্টাফ রিপোর্টার॥ যশোরের মনিরামপুরে হত্যা চেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে এবংবাদিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছে। নিরাপত্তার অভাবে আহত ব্যবসায়ী গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। ঘটনাটি উপজেলার হরিহরনগর ইউনিয়নের বিনোদকাঠি গ্রামের। ব্যবসায়ী শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত বদর উদ্দিনের পুত্র।
মামলার আর্জি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে গত ২০ মার্চ রাতে হত্যার চেষ্টা চালায়। এদিন ব্যবসার তাগাদ সেরে শরিফুল বাড়িতে ফিরলে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এ সুযোগে সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। তারা শরিফুলের কাছে ও বাড়িতে থাকা লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। আহত শরিফুলকে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন শরিফুলের শ্যালক রবিউল ইসলাম বাদি হয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় হামলাকারী সাতজনকে আসামি করা হয়েছে। এরা হচ্ছে বিনোদকাঠি গ্রামের জাবেদ আলী গাজীর পুত্র মহাসীন আলী, আব্দুল আজিজের পুত্র টিটো, মৃত আসমতুল্লাহ মোড়লের পুত্র আব্দুল আজিজ ও আন্তাজ মোড়ল মৃত আব্দুস সাত্তারের পুত্র মিঠুসহ ৭ জন।
আহত শরিফুল ইসলাম জানান, হত্যা চেষ্টা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার পক্ষে শ্যালক রবিউল ইসলাম মনিরামপুর থানায় মামলা দায়ের করেন। এরপর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তারা মামলা প্রত্যহারের জন্য বাদিপক্ষের লোকজনকে বারবার হুমকি দিচ্ছে। পুলিশকে ম্যানেজ করেই প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে আসামিরা। এ অবস্থায় জীবনের নিরাপাত্তার অভাবে এক সপ্তাহ পালিয়ে ছিলেন অসহায় শরিফুল। এখনো বাড়িতে থাকতে পারছেন না।
শরিফুল ইসলাম আরও জানান, আসামিপক্ষের সাথে তার যৌথ ব্যবসা ছিল। সেই ব্যবসার সুবাদে কয়েক লাখ টাকা পাওনা হয়। ওই টাকা না দেয়ার জন্যে সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা করে। দু’পক্ষের ছেলে ও মেয়ের স্বেচ্ছায় বিয়ের ঘটনাকে পুঁজি করে তারা পরিকল্পনা বাস্তবায়নে তার ওপর হামলা চালায়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে শরিফুল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাগ