শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০ টাকা কেজি দরে ফেয়ারপ্রাইজ ডিলারের মাধ্যমে বিতরণের ১৮ বস্তা চাল পাচারের সময় জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুক্রবার রাত ৯টায় তাফালবাড়ি বাজারের ব্যক্তিগত একটি গোডাউন থেকে ওই চাল জব্দ করেন তিনি। এ সময় রফিকুল ইসলাম লিটন (৩৫) নামের ওই গোডাউন মালিককে আটক করা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ডিলার তারিকুল ইসলাম তারেক পলাতক রয়েছেন। তারেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই এবং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ভাইয়ের ছেলে।
ইউএনও সরদার মোস্তফা শহিন জানান, উপজেলার সাউথখালী ইউনয়নের ফেয়ারপ্রাইজ ডিলার তারিকুল ইসলাম তারেক ১০টাকা কেজি দরে দুঃস্থদের মাঝে বিতরণের ওই চাল বিক্রি না করে পাচারের জন্য অন্যত্র সরিয়ে রাখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে রাত ৯টায় অভিযান চালান তিনি। অভিযানে চাল রায়েন্দা গ্রামের আব্দুল মজিদ মুন্সির পুত্র রফিকুল ইসলামের ব্যক্তিগত গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের ১৮ বস্তা চাল জব্দ করেন। ওই চাল ফেয়ারপ্রাইজ ডিলার তারিকুল ইসলাম তারেকের বলে রফিকুল স্বীকার করেন। এব্যাপারে ওই ডিলারের লাইসেন্স বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এ ব্যাপারে খাদ্য গুদাম কর্মকর্তা সাইফুল ইসলাম ডিলার তারিকুল ইসলাম তারেকসহ আটক রফিকুল ইসলামের নামে মামলা দায়ের করেছেন। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ডিলার তারেক ৩ শতাধিক সুবিধাভোগীর জন্য মার্চ মাসের বিতরণের ১১ মেট্রিকটন চাল উত্তোলন করেন। তবে ওই মাসের বিতরণের মাস্টাররোল তিনি এখন পর্যন্ত জমা দেননি। এ ব্যাপারে ডিলার তারিকুল ইসলাম তারেক জানান, জব্দকৃত চাল তার নয়। উত্তোলনকৃত সব চাল বিক্রির মাস্টাররোল তার কাছে রয়েছে। এদিকে, উপজেরার চারটি ইউনিয়নের ২০ জন ডিলার মার্চ মাসের বরাদ্দ ২৫০ মেট্রিকটন চাল উত্তোলন করলেও সব বিক্রি না করে নিজেরাই মাস্টাররোলে স্বাক্ষর করে চাল আত্মসাৎ করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।





