স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং শহরে জনসমাগম কমাতে যশোরে সেনা টহল জোরদার করা হয়েছে। শনিবার মেজর রাশেদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দেন। তারা মাস্ক বিতরণ করেন এবং রাস্তায় থাকা পথচারীদের এবং গাড়িতে থামিয়ে সবাইকে নির্দেশিত নিয়মে হাত ধুতে বাধ্য করেন। সেনা সদস্যরা রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন পথচারীদের। শনিবার সকালে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে হঠাৎ সেনা সদস্য ও পুলিশের তৎপরতা বৃদ্ধি পায়। এ সময় দড়াটানা ব্রিজের দুই পাশে অবস্থান নেন সেনা সদস্যরা। রাস্তায় বের হওয়ার কারণ জানতে চান সেনা সদস্যরা এবং সর্বদা মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেন।
টহলকালে সেনা সদস্যরা জানান, করোনার প্রাদুর্ভাব রোধে সামজিক দূরুত্ব নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেৃতত্বে সেনা টহল অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এ সময় মাইকিং করে সকলকে ঘরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া ইজিবাইক থামিয়ে গাদাগাদি করে বসা যাত্রীদের নামিয়ে দেন। সেই সাথে চালকদের একটি ইজিবাইকে দুইজনের বেশি যাত্রী না নিতে আহ্বান জানান। অভিযানে থাকা সেনা কর্মকর্তা মেজর মো. রাশেদ বলেন, উপযুক্ত কারণ ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। বিশ্বব্যাপী করোনাভাইরাসের যে ভয়াবহতা তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, সারাদেশসহ যশোরে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আগামীতে তৎপরতা আরও বাড়ানো হবে বলে তিনি বলেন। তিনি বৈশি^ক এ সমস্যা থেকে সবাইকে রক্ষা পেতে হলে ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।





