ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ স্থগিত করল ফিফা
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে একের পর এক স্থগিত হওয়া ক্রীড়া ইভেন্টের তালিকায় যোগ হলো অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপও। শনিবার আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। চলতি বছরের ২-২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের সপ্তম আসর। ষোলো দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও নভি মুম্বাইয়ের পাঁচটি ভেন্যুতে। স্বাগতিক হওয়ার সুবাদে প্রথমবারের মতো নারীদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অংশ্রহণ করবে ভারত। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় টুর্নামেন্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয় ফিফা-কনফেডারেশনস ওয়ার্কিং গ্রুপ। একই সঙ্গে পানামা-কোস্টারিকায় অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও স্থগিতের সুপারিশ করেছে তারা। টুর্নামেন্ট দুটির নতুন সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ আসর স্থগিত প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস। খুব সম্ভবত আগামী বছর এই আসর মাঠে গড়াতে পারে বলে জানালেন তিনি।
১৪ দিন আলাদা থেকে সাকিব ফিরলেন পরিবারে
স্পোর্টস ডেস্ক॥ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কিছুদিনের জন্য গ্রামের বাড়ি মাগুরায় গিয়েছিলেন সাকিব আল হাসান। তখন বাংলাদেশে করোনাভাইরাস সেভাবে না ছড়ালেও যুক্তরাষ্ট্রে প্রকোপ বাড়ার দিকে। ওই অবস্থায় সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে ছিলেন ‘সেলফ-আইসোলেশনে’। স্বেচ্ছায় আলাদা থাকার পর্ব শেষে সাকিব এখন পরিবারের কাছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক হোটেলে ১৪ দিন আইসোলেশনে থাকার পর গতকাল (শুক্রবার) পরিবারের কাছে গিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের কাছে ফিরে গেলেও সামনের কয়েক সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকতে হবে তাকে। উইসকনসিনের ওই হোটেল থেকে খুব বেশি দূরে নয় সাকিবের বাড়ি। মাত্র কয়েক মিনিটের দূরত্ব গত ১৪ দিনে পেরোতে পারেননি সাকিব। যেতে পারেননি স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনার কাছে। স্ত্রী-সন্তান ও পরিজন এত কাছ থাকলেও তাদের সঙ্গে থাকার সুযোগ হয়নি ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা এই অলরাউন্ডারের। ১৪ দিন আইসোলেটেড থাকা অবস্থায় নিজের নামের ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের গড়ে তোলা ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ দিয়ে দেশ-বিদেশ হতে ফান্ড সংগ্রহ করবেন তিনি। সে ফান্ড তুলে দিচ্ছেন ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে। পাশাপাশি ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও কনফিডেন্স গ্রুপ মিলে চিকিৎসকদের প্রয়োজনীয় কিট সরবরাহের জন্য ২০ লাখ টাকার তহবিল গঠন করেছে।
ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা দেবে মাশরাফীর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাইরাসের কারণে দেশ জুড়ে সাধারণ ছুটির সময়টায় নড়াইলবাসীর জন্য নানা উদ্যোগ গ্রহণ করে এরই মধ্যে প্রশংসিত হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজা। এবার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দারুণ একটি উদ্যোগ নিয়েছে তার গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।’ করোনাভাইরাসের কারণে চলমান সংকটে নিজের নির্বাচনী এলাকার মানুষের সহায়তায় এরই মধ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন মাশরাফী। বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট। কিন্তু এই সময়ে যারা অন্যান্য রোগে ভুগছেন তাদের ভোগান্তি লাগবে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবার ব্যবস্থা করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা রোববার থেকেই দেওয়া হবে বলে ফাউন্ডেশনের ফেইসবুক পেজে ভিডিও বার্তায় জানিয়েছেন মাশরাফী। এ ব্যাপারে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-০২ আসনের সংসদ সদস্য বলেন, “প্রিয় নড়াইলবাসী আসসালামু ওলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রোববার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি।” “কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওইখানে (ভ্রাম্যমাণ টিমে) দুটো মোবাইল নম্বর থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডাঃ দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মিণী ডাঃ স্বপ্না রানী সরকার।”
করোনা মোকাবিলায় ১০ লাখ ডলার দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাস মোকাবিলায় নিজ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এ জন্য পিএসজির তারকা এই ফরোয়ার্ড দিয়েছেন ১০ লাখ ডলার! কঠিন এই পরিস্থিতিতে নিজ দেশকে সহায়তায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার এই অর্থ দিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের টেলিভিশন এসবিটি। মোটা অঙ্কের এই অর্থের কিছু পরিমাণ দেওয়া হবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফে। বাকিটা দেওয়া হবে নেইমারের বন্ধু ব্রাজিলিয়ান টিভি উপস্থাপক লুসিয়ানো হাক পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠানে। তবে এ সহায়তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেইমারের প্রেস অফিস, “আমরা এই সহায়তা বা এর পরিমাণ নিয়ে কখনই কথা বলব না।” এ ব্যাপারে নেইমার তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপের পদাঙ্ক অনুসরণ করলেন নেইমার। গত মাসে করোনাভাইরাস মোকাবিলায় নিজ দেশকে সহায়তায় ফরাসি তারকা এমবাপে মোটা অঙ্কের অর্থ দান করেন সংবাদমাধ্যমে খবর আসে। কিন্তু অর্থের পরিমাণ বা এ ব্যাপারে এমবাপের কোনো মন্তব্য জানা যায়নি। করোনার কারণে রিও ডি জেনেরিওতে সমস্যায় পড়া অসহায় মানুষদের সাহায্যার্থে নিজ উদ্যোগে তহবিল সংগ্রহে নেমেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নেইমারের বন্ধু হাক। তাতে সহায়তা দিচ্ছেন দেশটির নামি-দামি অনেক ফুটবলার। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই প্যারিস ছেড়ে নিজ দেশ ব্রাজিলে চলে আসেন নেইমার। রিও’র পাশে মানগারাতিবাতে বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।
মুডির চোখে ওয়ার্নার রোহিত সেরা ওপেনার
স্পোর্টস ডেস্ক॥ টি-টোয়েন্টিতে সেরা ওপেনার নির্বাচন করতে বললে আপনি কোন দুজনকে রাখবেন? একেক জনের কাছ থেকে একেক উত্তর আসা স্বাভাবিক। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডির চোখে যেমন ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা এ েেত্র সবার সেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন মুডি। সেখানেই ৫৪ বছর বয়সী ওয়ার্নার ও রোহিতকে বেছে নিয়েছেন নিজের পছন্দের ওপেনার হিসেবে। মুডি বলেন, ‘খুবই কঠিন সিদ্ধান্ত। তবে আমার ব্যক্তিগত পছন্দ ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা।’ এ ছাড়া প্রশ্নোত্তর পর্বে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে ক্রিকেটীয় বুদ্ধিতে সবচেয়ে এগিয়ে রাখেন মুডি। আইপিএলে প্রিয় দল বাছতে গিয়ে মুডি বলেছেন চেন্নাই সুপার কিংসের নাম। প্রিয় অধিনায়ক হিসেবে বলেছেন মহেন্দ্র সিং ধোনির কথা। সেরা ভারতীয় খেলোয়াড় হিসেবে মুডি বেছে নেন বিরাট কোহলিকে। এ ছাড়া ভারতের তরুণ তারকা শুভমান গিলের বেশ প্রশংসা করেছেন তিনি, ‘ভারতে অনেক প্রতিভা রয়েছে। তবে শুভমান গিল সবার থেকে আলাদা।’





