স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ত্রানের চাল নিতে গিয়ে পৌর কাউন্সিলরের পিটুনিতে আহত হয়েছেন শাহারুন নামে এক বিধবা। খবরটি ফেসবুকে ভাইরাল হয়েছে। মহিলাকে মারধরের এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামে। স্থানীয়রা জানান, ওই গ্রামের হতদরিদ্র বিধবা শাহারুন বেগম খাদ্য সংকটে ছিলেন। শুক্রবার গ্রামে চাল বিতরণ করতে যায় প্রশাসনের লোকজন। এ সময় চাল না পেয়ে গরীব শাহারুন বেগম প্রতিবাদ করেন। এক পর্যায়ে ঝিনাইদহ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলামের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শাহারুন। সরকারী কর্মকর্তাদের সামনে দুজনাই উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে কাউন্সিলর জাহিদ বেধড়ক পিটিয়ে মহিলাকে আহত করেন। বেদম মারপিটের ফলে মহিলার চোখের নিচে কালো দাগ হয়ে রক্ত জমাট বেধে গেছে। কাউন্সিলরের লোকজন পাল্টা অভিযোগ করেন শাহারুনের বিরুদ্ধে। তাদের ভাষ্য লোকজনের সামনে জাহিদ কমিশনারকে গালিগালাজ ও অপমানজনক কথা বলেন। তবে খাদ্য সংকটে থাকা একজন বিধবাকে এ ভাবে আঘাত করা ঠিক হয়নি বলে গ্রামবাসি মনে করেন।




