এম এ রহিম চৌগাছা (যশোর)॥ সড়ক দুর্ঘটনায় চীনের ইনান ভার্সিটির শিক্ষার্থী বাংলাদেশের ছেলে মঈন উদ্দীন (২২) নিহত হয়েছে। সে চীনের ইনান ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। মঈন যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে। নিহতের পিতা আব্দুল মালেক জানান, মঈনের সহপাঠীরা মঙ্গলবার সন্ধ্যায় আমাকে ফোনে বলেন মঈন সড়কদূর্ঘটনায় আহত হয়েছে। তারা বলেন মঙ্গলবার দুপুরে নিজস্ব মোটরসাইকেলে সে ইউনিভার্সিটি থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।
তার বন্ধুরা জানায়, তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি ঘটে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তরণে মঈনের মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া বলেন, মঈনের লাশ বাংলাদেশে নিয়ে আশার চেষ্টা চলছে। এদিকে মঈনের এ অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাবাসীর মাঝে শোকের মাতম বইছে।





