লোকসমাজ ডেস্ক॥ সংক্রামক ব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের অপবাদ সইতে না পেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাহিদুল ইসলাম (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মঙ্গলবার রাতে তিনি আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে জাহিদুল ইসলাম ঢাকায় রাজমিস্ত্রি হিসেবে শ্রমিকের কাজ করতেন। জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে দুই দিন আগে তিনি রামচন্দ্রপুরে আসেন। তাই গ্রামের লোকজন তাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করে নানান কটূক্তিসহ অপবাদ দিত। স্বাস্থ্যহানি হওয়ায় জাহিদুল নিজেও বিচলিত ছিলেন।লোকজনের অপবাদ সইতে না পেরে মঙ্গলবার রাতে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাহিদুল। পরে বুধবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, জাহিদুল ইসলামের শরীরে আঘাত বা জখমের কোন চিহ্ন পাওয়া যায়নি। তাই পরিবারের প থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।





