যশোরে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ এক সপ্তাহ আগে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে কেনা রসুন ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা দরে। ১৭ টাকা কেজি দরে কেনা আলু বিক্রি করা হচ্ছে ২২ টাকা দরে। অনুরূপ কম দামে কেনা আঠাশ চাল প্রতিকেজি ৪২ টাকা অথবা তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে যশোরের শেখহাটি হাইকোর্ট মোড় বাজার, উপশহর বি-ব্লক এবং বিরামপুর শফিউল্লার মোড়ে অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর। এ অভিযানের নেতৃত্ব দেন দফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব। সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর উল্লিখিত স্থানগুলোর ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে খান স্টোরকে ৪ হাজার টাকা, রায় ট্রেডার্সকে ৪ হাজার টাকা, নজরুল ইসলামকে দেড় হাজার টাকা, লিমন স্টোরকে ২ হাজার টাকা ও মায়ের দোয়া দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধি মো. আব্দুর রকিব সরদার।

ভাগ