কেশবপুরে বিদেশ ফেরত ৬৬৭ জনের মধ্যে কোয়ারেন্টাইনে ৩২

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে ৬৬৭ ব্যক্তি বিদেশ থেকে আসলেও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২ জন। করোনাভাইরাসে আক্রান্তদের ১৫০ জনকে রাখার জন্য স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে জায়গা প্রস্তুত করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত কেশবপুর পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মোট ৩২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই বিদেশ থেকে ফিরেছেন। বাড়িতে থাকা এসব ব্যক্তির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ ও খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে কেশবপুরে ১৫০ জন আক্রান্ত রোগী রাখার জায়গা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কেশবপুর হাসপাতালে ৮ জন, হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ৪২ জন ও শহরের মধ্যে অবস্থিত কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ আক্রান্ত রোগী রাখার জায়গা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আক্রান্ত রোগী কেশবপুরে পাওয়া যায়নি। গত ২২ মার্চ যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ করোনাভাইরাস মোকাবিলায় কেশবপুর উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। ওই সভায় তিনি জানান বিদেশ থেকে ইতোমধ্যে ৬৬৭ জন কেশবপুরে এসেছেন। এর মধ্যে মাত্র ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভাসহ ১১টি ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবিলায় ১০ সদস্য করে মোট ১২টি টিম গঠন করা হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, ৩২ জনের মধ্যে ২ জন কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভাগ