কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ সারাবিশ্বেই করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। আর এই ভাইরাস থেকে রক্ষা পেতে জনসমাগম এড়াতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সব সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ উপজেলার সব সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। তিনি বলেন, কালীগঞ্জ শহরে শুক্রবার ও সোমবার হাটের দিন। এছাড়াও উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য কাঁচাবাজার খোলা থাকবে।




