কালীগঞ্জে ৯৫ টাকার এক্সেফিন আইভি ইনজেকশন ১৯০ টাকা !

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ৯৫ টাকা দামের ওষুধ বিক্রি হচ্ছে ১৯০ টাকা। ওষুধ ব্যবসায়ীরা এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) রেটের অজুহাতে শতভাগ লাভ করছেন। ফার্মেসির মালিকরা বলছেন, জেলা সমিতির নিয়মেই তারা এমআরপি রেটে ওষুধ বিক্রি করছেন। এদিকে পাশর্^বর্তী জেলা যশোর,মাগুরা,কুষ্টিয়া ও খুলনাসহ বিভিন্ন শহরে এমআরপি রেট বাদেও নগদ ছাড়ে ওষুধ বিক্রি হচ্ছে। কিন্তু কালীগঞ্জে ওষুধ ব্যবসায়ী সমিতি আইন করে কোনো ছাড় না দেওয়ায় প্রতিনিয়ত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বাকবিতন্ডা হচ্ছে
সাধারণ ক্রেতা ও ভুক্তভোগীরা জানান, গত প্রায় ৬ মাস যাবৎ কালীগঞ্জের ওষুধ ব্যবসায়ীরা আইন করে এমআরপি বডি রেটে ওষুধ বিক্রি করছের। সোমবার মাহমুদ রিয়াজ নামে একজন ক্রেতা শহরের লিটন ফার্মেসিতে ইনসেপটা কোম্পানির এক্সেফিন ১ গ্রাম আইভি ইনজেকশন ১৯০ টাকা দিয়ে কেনেন। ওষুধের দাম অস্বাভাবিক নেওয়ায় তিনি বিষয়টি জানাতে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের স্মরণাপন্ন্ হন। এসময় মেয়র আশরাফ ওষুধের প্রকৃত মূল্য যাচাই বাছাই করতে ওই কোম্পানির প্রতিনিধি আলমগীর হোসেনের কাছে ফোন করে জানতে পারেন, ইনজেকশনটির ফার্মেসি মূল্য মাত্র ৯৫ টাকা। বডি এমআরপি মূল্য লেখা ১৯০ টাকা। তবে ক্রয় এবং বিক্রি মূল্যের এত ফারাকের বিষয়টি মেয়রকে বলতে পারেননি ওই প্রতিনিধি। পৌর মেয়র জানান, দামের এমন অস্বাভাবিক বিষয়টি নিয়ে ইতঃপূর্বে তিনি ওষুধ ব্যবসায়ীদের সাথে একবার বৈঠকও করেছেন। সে বৈঠকে ব্যবসায়ীরা মূল্য স্বাভাবিক রাখার প্রতিশ্রতি দিলেও পরে তা মানেনি। সর্বশেষ কালীগঞ্জ বাজার বনিক সমিতির সভাতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি নিয়ে অভিযোগ করেন বাজারের ব্যবসায়ী নেতারা। সে সভাতে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ওষুধ সমিতির নেতাদের সহনীয় মূল্য রাখার অনুরোধ জানান। কিন্তু সে অনুরোধও রাখেননি ব্যবসায়ীরা। এ অবস্থায় প্রয়োজনীয় ওষুধ কিনতে গিয়ে প্রতিনিয়ত মানুষকে নাজেহাল হতে হচ্ছে। এদিকে ওষুধের বাজার মূল্যে ব্যাপক ফারাকের বিষয়টি নিয়ে কালীগঞ্জ ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, সোমবার ওই ওষুধের দামের বিষয়টি নিয়ে রাতেই তারা বৈঠক করেন। ক্লিনিক্যাল রেটের ওষুধগুলো স্বাভাবিক দামে বিক্রি করার সিদ্ধান্ত পৌর মেয়রসহ তাদের সকল ব্যবসায়ীকে অবহিত করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা সাংবাদিকদের জানান, এত বেশি লাভে ওষুধ বিক্রির বিষয়টি অমানবিক। তবে, বডি রেটের এমন ফারাকের বিষয়টি নিয়ে ওষুধ প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

ভাগ