করোনা আতঙ্ক : লোক হলো না প্রবাসীর জানাজায়

মেহেরপুর প্রতিনিধি॥ মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেই আতঙ্কে জানাজায় অংশ নিতে অনীহা দেখা গেছে স্থানীয়দের মধ্যে।
জানা যায়, এলাকাবাসী আতঙ্কিত হয়ে মরদেহের গোসল করাতে ইতস্তত বোধ করে। পরে মৃত ব্যক্তির ছেলে ও একজন নিকট আত্মীয়ের সহায়তায় মৃতদেহের গোসল করানো হয়। পরে অল্প কয়েকজন মানুষ জানাযায় অংশ নেয়। সনিহতের ছেলে জানান, তার পিতা সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হওয়ার খবর পেলে তাকে মাঠ থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হঢ। সেখানে ডাক্তার জানান, তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরও জানান, তার পিতা ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে এসেছেন। তবে তার কোনও জ্বর, সর্দি বা ঠান্ডাজনিত সমস্যা ছিল না। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সউদ কবীর জানান, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট-অ্যাটাক করে মারা গেছেন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মৃত্যুর খবর ও এলাকাবাসী আতঙ্কিত হওয়ার কারণে আমরা আইইডিসিআর এর সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তির অসুস্থতার উপসর্গ তুলে ধরলে তারা এটিকে হার্ট-অ্যাটাক বলে নিশ্চিত করেন। এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই।

ভাগ