শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর হাইস্কুলের পার্শ্ববর্তী মাঠ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার মধ্যরাতে বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহম্মেদ রিয়েল ও এএসআই শাহিন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর হাইস্কুলের পাশের মাঠে রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর হাইস্কুলের পাশের মাঠে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পওিলশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।





