তালায় ১২ ইউনিয়নে লাল নিশানা বিতরণ : ১২৩ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক প্রচারণা ও পদক্ষেপ নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে লাল নিশানা কাপড় ১২টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে উপজেলায় একটি সেল গঠন করা হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত তালা উপজেলায় বিদেশ ফেরত ১২৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ডাক্তারদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণে বে-সরকারি সংস্থা উত্তরণ এর পক্ষ থেকে বিশেষ গাউন, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ নানান উপকরণ পাওয়া গেছে। এ বিষয়ে উত্তরণ এর পরিচালক শহিদুল ইসলাম বলেন, তালাসহ সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সংস্থার পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য প্রশাসন ও স্বাস্থ্য কর্মীদের সাথে সমন্বয় করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডাক্তারদের নিরাপত্তা ও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

ভাগ