তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর নিজস্ব উদ্যোগে প্রকাশিত লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। জানা গেছে, রবি ও সোমবার দু দিনব্যাপী খলিলনগর ইউনিয়নের সকল হাট-বাজার ও বিভিন্ন পাড়া-মহল্লায় সচেতনতামূলক লিফলেট বিলি ও জনবহুল স্থানে অবস্থিত নলকূপে সাবান ও হ্যান্ডওয়াশের ব্যবস্থা করেছেন। প্রনব ঘোষ বাবলুর নেতৃত্বে শতাধিক ছাত্র-যুবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা ইউনিয়নের হাজরাকাটি, মহান্দী, নলতা, গোনালী, হরিশচন্দ্রকাটি, খলিলনগর, প্রসাদপুর, গংগারামপুর, মাছিয়াড়া, ঘোষনগর, রায়পুর ও কাটবুনিয়া করোনা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ প্রসংগে প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য গণসচেতনতার বিকল্প নেই। তিনি সকলকে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্বারোপ করেন।



